
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক। এ উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, গ্রাহকদের মিষ্টিমুখ ও কেক কাটাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পঞ্চগড় শহরে আইএফআইসি ব্যাংকের শাখা কার্যালয় থেকে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বিকেলে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা ও দায়রা জজ আদালতের সাবেক জিপি এমএ বারী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান তৈরি করেছে। গ্রাহকদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে ব্যাংকটি দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে।
তাঁরা আরও বলেন, সময়ের সঙ্গে ব্যাংকিং খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। গ্রাহকদের পরিবর্তিত চাহিদা, প্রযুক্তির ব্যবহার ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আইএফআইসি ব্যাংকও কার্যক্রম এগিয়ে নিচ্ছে। ভবিষ্যতে গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী শাখায় আসা গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়। কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন এবং দীর্ঘদিনের সহযোগিতার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আইএফআইসি ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। দীর্ঘ এই পথচলায় গ্রাহক, শুভাকাঙ্ক্ষী এবং কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের আস্থা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ধরে রেখে আরও উন্নত সেবা দেওয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চাই।’
তিনি আরও বলেন, ‘অবিচল বিশ্বাসের এই ৫০ বছরের পথচলা আমাদের জন্য একটি বড় অর্জন। এই অর্জনকে সামনে রেখে আগামী দিনের ব্যাংকিং সেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শাখা কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।
এ সময় উপস্থিত সবাই আইএফআইসি ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি আগামী দিনে ব্যাংকটির কার্যক্রম আরও শক্তিশালী ও সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি