প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:৩৬ পিএম

বিমসটেকের বৈঠকে অংশ নিতে আগামী রোববার (১১ অক্টোবর) ভারত যাচ্ছে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে বাংলাদেশের তিন সদস্যের সরকারি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কূটনৈতিক একটি সূত্র কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, প্রতিনিধিদলে স্বরাষ্ট্রসচিব ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব থাকবেন। আগামী ১২ অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমসটেকের বৈঠকে অংশ নেবেন তাঁরা।
এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক চলছে। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। শুক্রবার বৈঠকটি শেষ হওয়ার কথা রয়েছে।
বৈঠকে দুই দেশের বাণিজ্যিক বিভিন্ন বাধা, পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরসংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি