প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ AM আপডেট: ২৬.১১.২০২৬ ১১:৩৪ এএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাতটি জেলায় ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭, গাজীপুরে ১৮, ময়মনসিংহের ভালুকায় ২, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে ৩ এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাঁরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি জানায়, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি