
বিদেশে ঘুরতে গিয়ে দর্শনীয় স্থান, জাদুঘর বা রেস্তোরাঁয় যাওয়াই এখন পর্যটকদের একমাত্র আকর্ষণ নয়। স্থানীয় সুপারশপে ঢুকে অচেনা খাবার, পানীয় ও দৈনন্দিন পণ্য ঘাঁটাঘাঁটিও হয়ে উঠছে ভ্রমণের নতুন অভিজ্ঞতা। পর্যটনবিশ্বে এই প্রবণতার নাম দেওয়া হচ্ছে ‘গ্রোসারি ট্যুরিজম’।
বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
জাপানের টোকিওর একটি ৭-ইলেভেনে ঢুকলেই এর চিত্র দেখা যায়। পর্যটকদের হাতে দেখা যায় এগ মায়ো স্যান্ডউইচ, কাটসু কারি বান, ম্যাচা কিটক্যাট কিংবা গরম কফির ক্যান। অনেকেই এসব পণ্য কিনছেন শুধু খাওয়ার জন্য নয়, বরং জাপানের দৈনন্দিন জীবনের একটি অংশ সঙ্গে করে নেওয়ার অভিজ্ঞতার জন্য।
এমন প্রবণতা এখন বিশ্বের বিভিন্ন দেশেই দেখা যাচ্ছে। কেউ স্পেনের বার্সেলোনায় স্থানীয় সুপারমার্কেটে পেস্তা ক্রিম খুঁজছেন, আবার কেউ যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বিশেষ ধরনের মসলা কিনে স্যুটকেস ভরছেন।
হিলটনের ২০২৬ ট্রেন্ডস রিপোর্ট অনুযায়ী, ৭৭ শতাংশ পর্যটক বিদেশে গিয়ে মুদি বা সুপারমার্কেট ঘুরতে পছন্দ করেন। কনডে নাস্ট ট্রাভেলারও ২০২৬ সালের বড় ভ্রমণ প্রবণতাগুলোর একটি হিসেবে ‘গ্রোসারি ট্যুরিজম’-কে উল্লেখ করেছে।
ফিনল্যান্ডের বড় সুপারমার্কেট চেইন কে-সুপারমার্কেট চলতি বছর তাদের কয়েকটি শাখাকে পর্যটন আকর্ষণ হিসেবে ট্রিপঅ্যাডভাইজারে তালিকাভুক্ত করেছে। এর মধ্যে হেলসিঙ্কির এমন একটি দোকানও রয়েছে, যেখানে ছাদের মৌচাক থেকে মধু উৎপাদন করা হয়।
বিশেষজ্ঞদের মতে, বিদেশের সুপারমার্কেট পর্যটকদের স্থানীয় মানুষের জীবনযাপন কাছ থেকে দেখার সুযোগ দেয়। কী ধরনের খাবার খাওয়া হয়, কোন পণ্যের চাহিদা বেশি কিংবা দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস—এসব বোঝা যায় বাজারের তাক দেখেই।
এর পেছনে মনস্তাত্ত্বিক কারণও রয়েছে। অক্সফোর্ডের পরীক্ষামূলক মনোবিজ্ঞানী চার্লস স্পেন্সের মতে, কোনো খাবারের স্বাদ শুধু খাবারের ওপর নির্ভর করে না; পরিবেশ ও স্মৃতিও স্বাদ অনুভূতিতে প্রভাব ফেলে। তাই বিদেশে খাওয়া সাধারণ একটি চিপস বা স্যান্ডউইচও বাড়ি ফিরে খেলে আগের মতো মনে নাও হতে পারে।
তবে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সমস্যাও তৈরি হচ্ছে। জাপানের কাভাগুচিকোর একটি লসন স্টোরে মাউন্ট ফুজির দৃশ্যের ছবি তুলতে পর্যটকদের ভিড় এতটাই বেড়েছিল যে কর্তৃপক্ষকে নিরাপত্তাকর্মী ও ব্যারিকেড বসাতে হয়।
তবু পর্যটকদের কাছে বিদেশের সুপারমার্কেটের আকর্ষণ বাড়ছে। কারণ কম খরচে স্থানীয় জীবনের স্বাদ নেওয়া, নিজের মতো করে অভিজ্ঞতা তৈরি করা এবং অচেনা কোনো পণ্য নিয়ে বাড়ি ফেরার আনন্দ—সব মিলিয়ে সুপারমার্কেটও এখন ভ্রমণের একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে।
স্বদেশ প্রতিদিন/এস পি