
ক্যারিয়ারে সফল হতে হলে কী করতে হবে, কাঙ্ক্ষিত সুযোগ পেতে আর কতটা পথ পাড়ি দিতে হবে—এসব প্রশ্ন কর্মজীবনে কমবেশি সবার মনেই আসে। অনেক সময় কঠোর পরিশ্রম করার পরও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এর পেছনে নিজের কিছু অভ্যাস বা সিদ্ধান্তও দায়ী হতে পারে।
ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার পথে যেসব ভুল বাধা হয়ে দাঁড়াতে পারে, সেগুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি।
সুযোগের অপেক্ষায় থাকা
সুযোগ নিজে থেকে এসে আপনার দরজায় কড়া নাড়বে—এমনটা সবসময় হয় না। কেউ এসে সুযোগ তৈরি করে দেবে, এমন অপেক্ষায় বসে না থেকে নিজের লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। নিজের দক্ষতা বাড়াতে হবে এবং কাঙ্ক্ষিত কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
সবসময় অন্যের সঙ্গে তুলনা করা
প্রত্যেক মানুষের ক্যারিয়ার, লক্ষ্য ও গন্তব্য আলাদা। সহকর্মী বা আশপাশের মানুষের সাফল্য দেখে অনুপ্রাণিত হওয়া ভালো, কিন্তু তাদের সঙ্গে নিজের তুলনা করা ঠিক নয়। কারণ, অন্যের সাফল্যের পেছনে থাকা পরিশ্রম, সময় ও ত্যাগ সম্পর্কে আপনি পুরোপুরি জানেন না। অন্যের সঙ্গে তুলনা করতে গিয়ে নিজের লক্ষ্য থেকে সরে যাওয়া উচিত নয়।
পরিশ্রমে ঘাটতি
সফলতার পথে বাধা আসবেই। কখনো ‘আমাকে দিয়ে হবে না’ ভেবে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। হতাশ না হয়ে বুদ্ধিমত্তার সঙ্গে পরিশ্রম করে যেতে হবে। নিজের সক্ষমতা নিয়ে অযথা সন্দেহ না করে ধৈর্য ধরে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।
কাজের প্রতি উৎসাহ হারানো
কাজের প্রতি ভালো লাগা ও আগ্রহ থাকা গুরুত্বপূর্ণ। শুধু পুরস্কার বা পদোন্নতির আশায় নয়, নিজের কাজের প্রতি আগ্রহ ধরে রাখার চেষ্টা করতে হবে। তবে দীর্ঘদিন ধরে বর্তমান কাজের প্রতি একেবারেই আগ্রহ না থাকলে ক্যারিয়ারের অন্য পথ নিয়ে ভাবা যেতে পারে।
মনোযোগ বিক্ষিপ্ত হওয়া
মন অতিরিক্ত বিক্ষিপ্ত থাকলে দৈনন্দিন কাজেও মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। এ ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যস্ততা কমিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোতে মনোযোগ দেওয়া প্রয়োজন। কোন কাজগুলো বাদ দেওয়া বা কমিয়ে দেওয়া সম্ভব, তা ভেবে দেখলে সময় ও মনোযোগ দুটোই বাঁচানো যায়।
কাজকে গুরুত্ব না দেওয়া
কর্মজীবনে অলসতা বা দায়িত্বের প্রতি অবহেলা পেশাগত অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। যথাসময়ে দায়িত্ব পালন এবং কাজকে গুরুত্ব দেওয়া পেশাদারিত্বের পরিচয়। নিজেই যদি নিজের কাজকে গুরুত্ব না দেন, তাহলে অন্যদের কাছ থেকেও গুরুত্ব পাওয়ার সম্ভাবনা কমে যায়।
ভালো সুযোগের অপেক্ষায় বর্তমান সুযোগ হাতছাড়া করা
ভবিষ্যতে আরও ভালো সুযোগ আসবে—এই আশায় বর্তমানের সম্ভাবনাময় সুযোগ হাতছাড়া করা ঠিক নয়। কারণ একটি সুযোগ চলে গেলে সেটি একই সময়ে বা একইভাবে ফিরে নাও আসতে পারে। ভবিষ্যতের অনিশ্চিত সুযোগের অপেক্ষায় বর্তমান সুযোগ নষ্ট করলে পরে অনুশোচনা হতে পারে।
অধৈর্য হয়ে পড়া
দক্ষতা ও পরিশ্রম থাকলেও খুব দ্রুত সাফল্য পাওয়ার প্রত্যাশা অনেক সময় হতাশার কারণ হয়ে দাঁড়ায়। সফলতা সাধারণত রাতারাতি আসে না। তাই কাঙ্ক্ষিত ফল পেতে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে।
সময় অনুযায়ী দক্ষতা না বাড়ানো
কর্মক্ষেত্রে যতই অভিজ্ঞতা থাকুক, সব বিষয়ে দক্ষতা অর্জন করা সম্ভব নয়। প্রযুক্তি ও কর্মক্ষেত্রের ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই নতুন কিছু শেখার চেষ্টা চালিয়ে যেতে হবে। বই পড়া, প্রশিক্ষণ ও কোর্সে অংশ নেওয়া এবং বিভিন্ন সম্মেলনে যোগ দেওয়ার মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বাড়ানো যেতে পারে।
প্রত্যাখ্যান মেনে নিতে না পারা
কর্মক্ষেত্রে ভালো কাজ করার পরও কখনো প্রত্যাশিত স্বীকৃতি নাও মিলতে পারে। কারও দৃষ্টিভঙ্গি বা প্রত্যাশা আপনার সঙ্গে না-ও মিলতে পারে। এ ধরনের প্রত্যাখ্যানে হতাশ হয়ে কাজের আগ্রহ হারিয়ে ফেলা উচিত নয়। বরং প্রত্যাখ্যানকে ইতিবাচকভাবে নিয়ে নিজের দুর্বলতা খুঁজে বের করে আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করা উচিত।
স্বদেশ প্রতিদিন/এস পি