প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:৫৪ পিএম

বলিউডের শাহরুখ খানের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্ক কেবল সহশিল্পীর নয়, বরং অনুজ ও অভিভাবকের মতো। ক্যারিয়ারে পা রাখার বহু আগেই শাহরুখের কাছ থেকে পাওয়া একটি জীবনমন্ত্র আজও মেনে চলেন অভিষেক। দীর্ঘ অভিনয়জীবনে সেই পরামর্শই তার কাজের অন্যতম প্রেরণা হয়ে উঠেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো দিনের স্মৃতিচারণ করে সেই বিশেষ পরামর্শের কথা জানিয়েছেন অভিষেক। তিনি জানান, অভিনয়ে আসার আগের দিনগুলোতে প্রতি রবিবার যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার বাড়িতে ক্রিকেট আড্ডায় মেতে উঠতেন তারা। সেখানে তাদের সঙ্গী হতেন উদয় চোপড়া, হৃতিক রোশান ও সিকান্দার খের।
সেই আড্ডায় নিয়মিত উপস্থিত থাকতেন শাহরুখ খানও। তরুণদের এই দলের কাছে শাহরুখ ছিলেন বড় ভাইয়ের মতো। কাজের বাইরেও তিনি তরুণ অভিষেককে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দিতেন।
শোবিজে আসার আগে একদিন কৌতূহলবশত শাহরুখকে প্রশ্ন করেছিলেন অভিষেক—তার নিজের অভিনীত প্রিয় সিনেমা কোনটি? উত্তরে শাহরুখ বলেছিলেন, ‘আমার প্রিয় সিনেমা সেটাই, যেটা আমি এই মুহূর্তে করছি। কারণ যে কাজটা আমি করছি, সেটাই যদি আমার সবচেয়ে প্রিয় না হয়, তবে আমি সেটা করছি কেন? এখনকার কাজটাই আমার কাছে সেরা হতে হবে। অতীতে কী হয়েছে, তা অতীত; সেটা নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই।’
অভিষেকের কাছে শাহরুখের এই কথার গুরুত্ব এখনো অনেক। অতীতের সাফল্য কিংবা ব্যর্থতায় আটকে না থেকে বর্তমান কাজের প্রতি পুরোপুরি মনোযোগ দেওয়ার এই দর্শনই তিনি নিজের ক্যারিয়ারে অনুসরণ করে চলেছেন।
এদিকে দীর্ঘ সময় পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ খান ও অভিষেক বচ্চন। সিনেমাটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের।
এ ছাড়া একটি বিশেষ নাচের দৃশ্যে কারিনা কাপুর খানকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। বহুল প্রতীক্ষিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি