বিয়ে নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। তারকা জীবনের ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। এবার জীবনসঙ্গী নির্বাচন ও দাম্পত্য সম্পর্ক নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করলেন এই অভিনেত্রী।
কিছুদিন আগে চিত্রনায়ক আরিফিন শুভ ও কেয়া পায়েল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দেওয়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। তাদের পোস্ট দেখে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো গোপনে বিয়ে করেছেন তারা। পরে অবশ্য জানা যায়, এটি বাস্তব জীবনের কোনো ঘোষণা নয়; বরং তাদের নতুন পর্দার গল্পের অংশ।
সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিয়ে নিয়ে নিজের মতামত তুলে ধরেন কেয়া পায়েল।
অভিনেত্রীর মতে, একটি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস ও পারস্পরিক সম্মান। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তার কাছে মানুষের পরিচয় বা কোন জেলার বাসিন্দা—এসবের চেয়ে ব্যক্তির মানসিকতা ও চরিত্রই বেশি গুরুত্বপূর্ণ।
কেয়া পায়েল বলেন, ‘সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস, দুইজন মানুষের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করব না, মানুষ দেখে বিয়ে করব। বিয়ে নিয়ে এত কিছু ভাবি না। শুধু এটাই ভাবি যে একজন মানুষকে চাই, যাকে নিয়ে সারাটা জীবন একসঙ্গে থাকতে পারি।’
এদিকে ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অধীনে নির্মিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। চরকি অরিজিনাল এই সিনেমাটি ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ