প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ পিএম আপডেট: ০৬.১০.২০২৬ ৭:৫৩ PM

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং সাকিলা ফারজানা অংশ নেন।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শহিদ পরিবারের প্রতিনিধিরা এবং আহত জুলাই যোদ্ধারা অংশগ্রহণ করেন। তাঁরা জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে যথাযথভাবে ধারণ, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা ও দায়মুক্তি, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ঘোষণাপত্রকে সংবিধানের উপযুক্ত অংশে স্থায়ীভাবে ধারণ করার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে হয়রানি ও আইনগত জটিলতা নিরসন, তাঁদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং গণঅভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার বিষয়ে মতামত তুলে ধরা হয়।
বৈঠকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করা হয়। এ ছাড়া সংবিধানের গুরুত্বপূর্ণ বিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখার বিষয়েও আলোচনা হয়।
পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে রাজনীতিতে তাঁদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যেসব প্রস্তাব উত্থাপন করা হয়, সেগুলো কমিটির বিবেচনার জন্য গ্রহণ করা হয়। আলোচনার বাইরে কারও লিখিত প্রস্তাব থাকলে তা কমিটির কাছে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ