প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:১৮ পিএম

ঢাকা-মানিকগঞ্জ জেলার বেউথা কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘মায়ের দোয়া’ নৌকার বাইচালদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
৬ অক্টোবর মঙ্গলবার সকালের দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশে এ সংবর্ধনা প্রদান করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান।
মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে গত শনিবার (৩ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। খাদ্যমন্ত্রী আফরোজা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচ উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২২টি নৌকা অংশ নেয়। এর মধ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাগুয়ারচর গ্রামের ‘মায়ের দোয়া’ নামের নৌকাটি ১ কিলোমিটার ব্যবধানে প্রতিযোগিতার অন্যান্য নৌকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতা শেষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বিজয়ী ‘মায়ের দোয়া’ নৌকাকে চ্যাম্পিয়ন ট্রফি ও একটি মোটরসাইকেল পুরস্কার দেন।
প্রথমবারের মতো নৌকা বাইচে ‘মায়ের দোয়া’ নৌকাটি অংশগ্রহণ করে নৈপুণ্য দেখিয়ে গৌরব অর্জন করে। এতে রংপুর বিভাগের তথা কুড়িগ্রাম জেলার গৌরব উজ্জ্বল হওয়ায় এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশে রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় নৌকা বাইচের বাইচাল ও পরিচালকদের একটি করে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দবেড় ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, উপজেলা জামায়াতে আমির সাবেক অধ্যক্ষ হায়দার আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী শাখার সভাপতি শফিকুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ