প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:০৭ পিএম

ক্রিকেটের আদি ফরম্যাটে বাংলাদেশ ক্রমশ উন্নতি করছে। এই ঊর্ধ্বমুখী গ্রাফ দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখাচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে।
গত আগস্টে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে এই অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। ওই ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং করে প্রথম ইনিংসে ৫৫ রানে ছয় উইকেট নিয়েছিলেন পেসার হাসান মাহমুদ।
ঢাকায় সোমবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাহমুদ বলেন, ‘মোমেন্টাম এখন আমাদের অনুকূলে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আধিপত্য বিস্তার করার সক্ষমতা অর্জন করেছে।’
ডারউইন টেস্ট জয় বাংলাদেশের জন্য এই সংস্করণে আরও বড় অর্জনের সূচনা হতে পারে বলে মনে করেন হাসান। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে এখনই আমাদের প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করার সময়। যেটা আগে আমরা পারিনি।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের আরও ছয়টি ম্যাচ বাকি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি হোম সিরিজের পাশাপাশি রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর।
এই সমীকরণ নিয়ে বাংলাদেশ ভাবছে জানিয়ে হাসান বলেন, ‘আমরা যদি নিজেদের মাঠে চারটি ম্যাচ জিতি, তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতেও পারি। ফাইনালে খেলাই বাংলাদেশের স্বপ্ন।’
তিনি আরও বলেন, ‘এখন আমাদের মানসিকতায় পরিবর্তন এসেছে। প্রতিপক্ষ দলগুলো জানে, বাংলাদেশেও ভালোমানের ফাস্ট বোলার রয়েছে, যারা বিশ্বমানের।’
সামনের দিনগুলোতে বাংলাদেশের উন্নতির গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হবে বলেও আত্মবিশ্বাসী এই ডানহাতি পেসার। তার ভাষায়, ‘দেখতেই পাচ্ছেন, টেস্ট ক্রিকেটে আমরা যথেষ্ট উন্নতি করেছি। আমাদের ফাস্ট বোলাররা যদি ভালো অবস্থায় এবং ব্যাটাররা ফর্মে থাকে, তাহলে আমরা আরও উপরে উঠব।’
স্বদেশ প্রতিদিন/এস পি