প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম

সংগৃহীত ছবি
দীর্ঘ ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটার হিসেবে বিদায় নিলেও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গেই থাকছেন তিনি। আইপিএল ২০২৭ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন ধোনি। খবর ক্রিকইনফোর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আসন্ন আইপিএল নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেয়ার তালিকা প্রকাশের শেষ সময়ের মাত্র তিন ঘণ্টা আগে ধোনির নতুন দায়িত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে চেন্নাই সুপার কিংস। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম।
ধোনির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে সিএসকের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি, একসঙ্গে বেড়ে উঠেছি। এই যাত্রায় এসেছে সাফল্য, ব্যর্থতা এবং নানা অভিজ্ঞতা।’
জহির খানকে নতুন হেড কোচ করল চেন্নাই, ধোনির আস্থার গল্পও ফিরল সামনে
তিনি আরও বলেন, ‘আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটি কারণ রয়েছে; আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে কখনো প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের দীর্ঘ পথচলাকে সম্ভব করেছে।’
ধোনিকে সিএসকেতে আনার সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে শ্রীনিবাসন বলেন, ‘২০০৮ সালে আমিই জোর দিয়েছিলাম, ধোনিকে যেন সিএসকের অংশ করা হয়। শেষ পর্যন্ত সেটিই আমার নেয়া অন্যতম সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। শুধু ফ্র্যাঞ্চাইজির হয়ে তার অর্জনের জন্য নয়, বরং মানুষ হিসেবে তিনি যেমন, সে কারণেও। ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। এই দলই সব সময় তার ঘর।’
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের সঙ্গে যুক্ত হন ধোনি। তার নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে সিএসকে। এ ছাড়া দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছে দলটি। তবে ২০১৬ ও ২০১৭ সালে নিষেধাজ্ঞার কারণে আইপিএলে খেলতে পারেনি চেন্নাই। ওই দুই মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন ধোনি।
১৯ মৌসুমের আইপিএল ক্যারিয়ারের ইতি টানার আগে ৫৪৩৯ রান করেছেন ৪৫ বছর বয়সী এই ক্রিকেটার। ৩৮.৩০ গড়ের পাশাপাশি তার স্ট্রাইক রেট ১৩৭.৪৫।