প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও পৌরসভার বর্জ্য পরিবহন ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে থানায় এজাহার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রাজু আহমেদ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত রাজু আহমেদ শিবগঞ্জ পৌরসভাধীন চকদৌলতপুর উপটোলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর ঈদগাহ রাস্তায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ জানায়, ময়লা অপসারণের কাজে বাধা, পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা, বর্জ্য পরিবহন ভাঙচুর, গাড়িচালককে মারধর এবং ককটেল বিস্ফোরণের হুমকি দেওয়ার অভিযোগে রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান জানান, শিবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা অপসারণের গাড়ি ঈদগাহ মেইন সড়কে ময়লা সংগ্রহ করতে গেলে রাজু আহমেদ সেখানে বাধা দেন। এ সময় তিনি পৌরসভার কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি ককটেল মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া পৌরসভার গাড়ি ও কর্মীদের ওপর হামলার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে রাজু আহমেদকে আটক করে।
শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম বলেন, পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় সরকারি কাজে বাধা, গাড়িচালক ও পরিচ্ছন্নতাকর্মীদের মারধর এবং ককটেল বিস্ফোরণের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় এজাহার করা হয়েছে এবং অভিযুক্ত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ