প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম

সংগৃহীত ছবি
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃপ্ত শপথ নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন বি-২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিক।
দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর বুটক্যাম্প প্রশিক্ষণ ও অধ্যবসায়ের সফল সমাপ্তি শেষে রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে এই শপথ গ্রহণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
পরে তিনি প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী নবীন নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন। বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে পেশাগত ও সার্বিক বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সেরা চৌকস নাবিক হিসেবে 'নৌপ্রধান পদক' লাভ করেন মো. সেজান মাহমুদ। এ ছাড়া দ্বিতীয় স্থান অধিকার করে 'কমখুল পদক' অর্জন করেন মো. মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করে 'শের-ই-বাংলা পদক' পান মো. শাকিল হাসান।
কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সকল বীর মুক্তিযোদ্ধা এবং নৌ-কমান্ডোর অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর আধুনিকায়ন ও অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি সক্ষম ও আধুনিক নৌবাহিনী গঠনে এই নবীন নাবিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নৌবাহিনী প্রধান আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা বিধানে বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে; পাশাপাশি ঘাঁটিটি দক্ষ ও যোগ্য নাবিক তৈরির কেন্দ্র হিসেবেও কাজ করছে।
নবীন নাবিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান, শৃঙ্খলা ও পেশাদারিত্ব কাজে লাগিয়ে নিজেদের যোগ্য ও গর্বিত নাবিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে সততা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এবং সেনা ও বিমানবাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ (পিএসও), ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।