প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পিএম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। টানা তৃতীয় দফা কমানোর পর এবার প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। ওইদিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। ফলে বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে বাজুসের নির্ধারিত নতুন দামে।
বাজুস জানিয়েছে, বুধবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। আগের দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।
স্বদেশ প্রতিদিন/এস পি