প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:১২ পিএম

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোরও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই। একইভাবে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর চিন্তাভাবনাও সরকারের নেই।
তিনি বলেন, আলাদা করে নতুন কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। তবে দেশব্যাপী অপরাধ দমন এবং মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালে অপরাধ দমনের লক্ষ্যে ‘অপারেশন ক্লিন হার্ট’ নামে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি বড় অভিযান পরিচালিত হয়েছিল। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার মধ্যে ওই অভিযানের আদলে নতুন কোনো অভিযান হতে পারে—এমন খবর বিভিন্ন প্রতিবেদনে এসেছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সরকার বর্তমানে এমন কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা করছে না।
স্বদেশ প্রতিদিন/এস পি