বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৫০ শয্যার হাসপাতাল, নেই ৩১ শয্যার জনবলও      ● ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন      ● স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ স্ত্রীর      ● ড্রাফটে ছয় দলের কোচিং স্টাফ চূড়ান্ত      ● আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব      ● দুই প্রধানমন্ত্রীর বৈঠক ‘১২০ শতাংশ নিশ্চিত’      ● হকারদের সঙ্গে সংঘর্ষ, মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে      ● তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম শুরু      ● গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল      ● দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি      ● ওয়ালটনের প্রধান কোচ আব্দুর রাজ্জাক      ● জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান      
৫০ শয্যার হাসপাতাল, নেই ৩১ শয্যার জনবলও
প্রতিনিধি, নারায়ণগঞ্জ (উত্তর)
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চার বছর আগে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনো ৫০ শয্যার প্রয়োজনীয় জনবল ও সুযোগ-সুবিধা চালু হয়নি। এমনকি ৩১ শয্যার হাসপাতাল হিসেবে অনুমোদিত জনবলেরও ৪০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে বিপুলসংখ্যক রোগীর চাপ সামাল দিতে গিয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসাসেবা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ছয় লাখ মানুষের চিকিৎসায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই উপজেলার প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে গড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ রোগী চিকিৎসা নিতে আসেন। এর বাইরে উপজেলায় চারটি বড় ইকোনমিক জোন থাকায় বিভিন্ন কারখানার বিপুলসংখ্যক শ্রমিকও জরুরি চিকিৎসার জন্য এই হাসপাতালের ওপর নির্ভরশীল। বিপুল রোগীর বিপরীতে প্রয়োজনীয় জনবল না থাকায় চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কর্মীদের ওপর বাড়ছে অতিরিক্ত চাপ। এতে ভোগান্তিতে পড়ছেন রোগীরাও।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩১ শয্যার হাসপাতাল হিসেবে এখানে অনুমোদিত মোট পদ ১৬২টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ১২২ জন। শূন্য রয়েছে ৪০টি পদ।

চিকিৎসকের অনুমোদিত ৩৬টি পদের বিপরীতে কর্মরত আছেন ৩০ জন। এর মধ্যে একজন প্রেষণে নারায়ণগঞ্জের খানপুর সরকারি হাসপাতালে দায়িত্ব পালন করছেন। নার্সের অনুমোদিত ৩৪টি পদের মধ্যে তিনজন ডিএনসিসিতে প্রেষণে দায়িত্ব পালন করছেন এবং একটি পদ শূন্য রয়েছে। তৃতীয় শ্রেণির ৩৪টি পদের মধ্যে দুটি পদও খালি।

সবচেয়ে বেশি সংকট চতুর্থ শ্রেণির কর্মচারীর পদে। অনুমোদিত ২৩টি পদের মধ্যে ১৪টিই শূন্য। ফলে হাসপাতালের পরিচ্ছন্নতা ও অন্যান্য সহায়ক সেবা স্বাভাবিকভাবে পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।

জনবল সংকটের পাশাপাশি হাসপাতালে ওষুধের ঘাটতির অভিযোগও রয়েছে। রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতাল হিসেবে কিছু ওষুধ বরাদ্দ থাকলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সব ওষুধ পাওয়া যায় না। ফলে অধিকাংশ ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে তাঁদের।

নষ্ট আল্ট্রাসনোগ্রাম, সচল হয়েছে ইসিজি

সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা গেছে, আল্ট্রাসনোগ্রাম মেশিনটি নষ্ট থাকায় বর্তমানে এ সেবা বন্ধ রয়েছে। কোনো রোগীর আল্ট্রাসনোগ্রামের প্রয়োজন হলে তাঁকে বাইরে বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে চিকিৎসকের কাছে আসতে হচ্ছে।

এ ছাড়া দীর্ঘদিন হাসপাতালের ইসিজি মেশিনও নষ্ট ছিল। তবে সম্প্রতি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ব্যক্তিগত উদ্যোগে অনুদান হিসেবে একটি ইসিজি মেশিন কিনে দেওয়ায় বর্তমানে এ বিভাগের চিকিৎসাসেবা চালু রাখা সম্ভব হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হাসপাতালে একটি সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও সেটিও প্রায়ই অকেজো থাকে। ফলে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সাধারণ রোগীদের অতিরিক্ত টাকা খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে যেতে হচ্ছে।

ইউনিয়ন পর্যায়েও সংকট

শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয়, সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নের উপ-স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোর চিকিৎসাসেবার মান নিয়েও অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের ভাষ্য, কমিউনিটি ক্লিনিকগুলোতে আগের তুলনায় সরকারি ওষুধের সরবরাহ কমে গেছে। অন্যদিকে উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও রয়েছে তীব্র জনবল সংকট।





ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক স্বাস্থ্যসেবাও প্রত্যাশা অনুযায়ী কার্যকর হচ্ছে না। সব মিলিয়ে সোনারগাঁয়ের সরকারি স্বাস্থ্যসেবায় জনবল, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও একটি সমস্যার মুখোমুখি হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। সোনারগাঁ পৌরসভায় বর্জ্য ফেলার নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় গত কয়েক মাস ধরে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কর্তৃপক্ষকে সমস্যায় পড়তে হচ্ছে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া বলেন, তিনি হাসপাতালে যোগদানের পর এক মাস ধরে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই চিকিৎসাসেবার মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে কাজ করছেন।

জনবল সংকটের বিষয়ে ডা. রাসেল আহমেদ ভূঁইয়া বলেন, হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হয়েছে। তবে ৫০ শয্যার জনবল কাঠামো এখনো আইনগতভাবে অনুমোদিত হয়নি। ফলে বর্তমানে ৩১ শয্যার জনবল কাঠামো অনুযায়ীই হাসপাতালের কার্যক্রম চলছে। সেই ৩১ শয্যার জনবল কাঠামোতেও সংকট রয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় জনবল নিয়োগ, জরুরি চিকিৎসা যন্ত্রাংশ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতার ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে লিখিতভাবে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত এসব সমস্যার সমাধান করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স   নারায়ণগঞ্জ   হাসপাতাল   স্বাস্থ্যসেবা   জনবল সংকট   ওষুধ সংকট   আল্ট্রাসনোগ্রাম   ইসিজি   অ্যাম্বুলেন্স   কমিউনিটি ক্লিনিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close