প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৯৪২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০১ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৯ জন, খুলনা বিভাগে ২৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২০ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, রংপুর বিভাগে ৫৬ জন এবং সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।
চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৭ হাজার ৬৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৭২ হাজার আটজন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭৫১ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ