প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট গুগলের সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধিদল। এ সময় গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল দক্ষতা, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের উদ্যোগে গত সোমবার প্রতিনিধিদলটি গুগলের সদর দপ্তর পরিদর্শন করে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।
বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাভেদ ইকবাল উপস্থিত ছিলেন।
গুগলের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ‘গুগল ফর এডুকেশন’-এর স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশন্স বিষয়ক ভাইস প্রেসিডেন্ট দিব্যা জানি। এতে গুগলের একদল বিশেষজ্ঞও অংশ নেন।
বৈঠকে ‘গুগল ফর এডুকেশন’-এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কীভাবে আধুনিকায়ন করা যায়, শিক্ষকদের সক্ষমতা কীভাবে বাড়ানো যায় এবং শিক্ষার্থীদের শিক্ষার মান কীভাবে উন্নত করা যায়—এসব বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি