প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৯ পিএম

ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’র ছয় দলের প্রধান কোচ চূড়ান্ত হয়েছে। দেশের অভিজ্ঞ কোচদেরই ছয় ফ্র্যাঞ্চাইজি দলের কোচিংয়ে রাখা হয়েছে। গত রোববার নতুন এই টুর্নামেন্টের ছয় ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হয়েছে ম্যানেজমেন্ট ড্রাফট।
টুর্নামেন্টে ওয়ালটন গ্রুপ প্রধান কোচ হিসেবে সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাককে দলে নিয়েছে। তাকে দলে নেওয়ার কারণ জানিয়ে দলটির কর্মকর্তা রবিউল ইসলাম মিল্টন বলেন, ‘রাজ্জাক ভাই অবশ্যই একজন উঁচু মানের খেলোয়াড় থেকে কোচিং পেশায় এসেছেন, তুষার ইমরান ভাইও দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমাদের কোচিং প্যানেল যথেষ্ট ব্যালেন্সড এবং শক্তিশালী।’
এদিকে আইকন ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজকে দলে নেওয়ার কারণও জানিয়েছেন রবিউল ইসলাম মিল্টন। তিনি বলেন, ‘মিরাজকে নিয়ে প্ল্যান ছিল মিজান ভাইয়ের এবং আমাদের। আমরা দুজনই মিরাজকে বলে রেখেছিলাম যে, আমরা যদি আগে ডাক পাই তোমাকে নেব। মিরাজ বলছে, ভাই, যেটা ভালো হয় আপনারা কইরেন।’
মিরাজকে দলে পাওয়ায় সন্তুষ্টির কথাও জানান ওয়ালটন গ্রুপের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘এখানে হারিয়ে দেওয়ার কিছু না, বরং মিরাজ আমাদের প্ল্যানিংয়ে ছিল, মিরাজকে পেয়েছি। সেটা আমাদেরকে উজ্জীবিত এবং খুশি করেছে।’
নতুন ‘ডি থ্রি ট্রফি’কে ঘিরে ছয় ফ্র্যাঞ্চাইজির দল গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আইকন ক্রিকেটার ও ম্যানেজমেন্ট ড্রাফটের মাধ্যমে কোচিং প্যানেল চূড়ান্ত করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি