
২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ হবে আগামী বৃহস্পতিবার, ১ অক্টোবর। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সূচি প্রকাশের আয়োজন করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। একই দিনে বিশ্বকাপের টিকিটের জন্য নিবন্ধন প্রক্রিয়াও শুরু হবে।
ক্রিকবাজের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। গান্ধী জয়ন্তীর দিন শুরু হতে যাওয়া টুর্নামেন্টের পর্দা নামবে ২১ নভেম্বর।
এবারের বিশ্বকাপে খেলবে মোট ১৪টি দল। এর মধ্যে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার কথা। দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি জায়গা পাবে। বাকি আটটি দল আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে সুযোগ পাবে। আর বাকি চারটি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।
সূচিতে বাছাইপর্ব থেকে আসা চার দলকে ‘কোয়ালিফায়ার ১’, ‘কোয়ালিফায়ার ২’, ‘কোয়ালিফায়ার ৩’ ও ‘কোয়ালিফায়ার ৪’ নামে দেখানো হবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে নামিবিয়াও আয়োজক দেশ। তবে তাদের বিশ্বকাপে অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা পাওয়ার তালিকায় রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম স্থানে থাকলেও বিশ্বকাপে সুযোগ পাওয়ার অবস্থানে রয়েছে। কারণ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে থাকা দক্ষিণ আফ্রিকা আয়োজক হিসেবে সরাসরি জায়গা পাচ্ছে।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে। বিশ্বকাপে জায়গা পেতে হলে তাদের বাছাইপর্বে অংশ নিতে হবে। আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বাছাইপর্ব।
বৃহস্পতিবার বিশ্বকাপের টিকিটের জন্য নিবন্ধন প্রক্রিয়াও চালু করবে আইসিসি। তবে ১ অক্টোবর থেকেই টিকিট কেনা যাবে না। ওই দিন থেকে সমর্থকেরা টিকিটের জন্য নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
আইসিসির পরিকল্পনা অনুযায়ী, সেমিফাইনাল ও ফাইনালের আগে ২০২৭ বিশ্বকাপকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপের নাম ‘সুপার সিরিজ’। এই পর্বে ১৪টি দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচের তিনটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে। এই তিন দলের মধ্যে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল পরবর্তী ধাপে উঠবে।
দ্বিতীয় ধাপে খেলবে ১২টি দল। তাদের দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি দল এবং রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ধাপে মোট ৩০টি ম্যাচ হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল সরাসরি পরবর্তী ধাপে উঠবে। দুই গ্রুপ মিলিয়ে পরের সেরা একটি দলও সুযোগ পাবে।
এরপর হবে ‘সুপার সেভেন’ ধাপ। এখানে মোট ২১টি রাউন্ড রবিন ম্যাচ অনুষ্ঠিত হবে। এই পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল উঠবে সেমিফাইনালে।
সেমিফাইনালে সুপার সেভেনের পয়েন্ট তালিকার প্রথম স্থানে থাকা দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। দ্বিতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে তৃতীয় স্থানে থাকা দলের। দুই সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে।
এদিকে সূচি প্রকাশের মধ্য দিয়ে ২০২৭ বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতিও আরও স্পষ্ট হবে। টুর্নামেন্টের ম্যাচগুলোর সময়সূচি, ভেন্যু এবং দলগুলোর গ্রুপভিত্তিক অবস্থান সম্পর্কে বিস্তারিত জানা যাবে ১ অক্টোবরের আয়োজনে।
স্বদেশ প্রতিদিন/এস পি