প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম আপডেট: ২৬.০৯.২০২৬ ৭:১৮ PM

দৈনিক স্বদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পদে যোগ দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।
শনিবার রাজধানীর গুলশানে স্বদেশ প্রপার্টিজের প্রধান কার্যালয়ে খুরশীদ আলমের হাতে নিয়োগপত্র তুলে দেন স্বদেশ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ কাইয়ুম এবং দৈনিক স্বদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মজিবুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী উপদেষ্টা ও গণমাধ্যম প্রধান হাসান মোল্লা, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক একেএম সাখাওয়াত হোসেন, সমন্বয়কারী নূরুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিয়োগপত্র গ্রহণের পর খুরশীদ আলমকে ফুলেল শুভেচ্ছা জানান স্বদেশ প্রতিদিন পরিবারের সদস্যরা। এ সময় তার নতুন দায়িত্বের সফলতা কামনা করেন সহকর্মীরা।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে খুরশীদ আলম সংবাদপত্রে লেখালেখি ও সম্পাদনার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার ও কল্যাণে সংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পেশাগত দক্ষতা, নৈতিকতা ও নির্ভীক সাংবাদিকতার জন্য তিনি সহকর্মীদের কাছে পরিচিত ও আস্থাভাজন।
নতুন দায়িত্বে তার দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা, সম্পাদনা দক্ষতা ও নেতৃত্ব স্বদেশ প্রতিদিনের সম্পাদকীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন গণমাধ্যমসংশ্লিষ্টরা।
এর আগে খুরশীদ আলম দৈনিক যায়যায়দিন ও দৈনিক জনকণ্ঠে নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ