প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম

নীলফামারীর ডোমারে ভোর রাতে গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে চারটি বিদেশী জাতের গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরু চারটির মূল্য ৪লাখ ২০ হাজার টাকা। এ ব্যাপারে আজ মঙ্গলবার দুপুরে ডোমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চুরি হওয়া গরুর মালিক।
চুরি হওয়া গরুর মালিক ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে জাকারিয়া হোসেন। রাতের কোনো এক সময় চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙে ৪টি গরু চুরি করে নিয়ে যায়।
জাকারিয়া জানায়, ঘরের দেয়াল ভেঙে গরু চুরি করে নিয়ে গেলো আমরা টেরই পেলাম না। অথচ প্রতিদিন গরু নড়াচড়া করলেই আমরা টের পাই। কয়েকদিন ধরে গরু গুলো বিক্রির জন্য যত্ন করছিলাম। শেষ সম্বল টুকু দিয়ে গরু কিনেছিলাম, আমার গরু গুলো এলাকার সব থেকে বড় ছিলো। চারটা গরুই ছিলো বিদেশী জাতের ৪লাখ টাকার বেশী গরুর দাম ছিলো। ২০-২৫ দিন আগেও গোয়াল ঘরের তালা কেটেছিলো চোর, আমরা টের পাওয়ায় দরজা খুলে পালিয়েছে।'
জাকারিয়ার স্ত্রী সাথী জানান, 'আমাদের এলাকায় আমাদের গরু গুলোর মতো বড় গরু আর কারো নেই। প্রতিদিন ৭লিটারের বেশী দুধ দেয়। গরুর দুধ বিক্রি করে আমাদের সংসারের খরচ সহ অন্যান্য প্রয়োজন মেটানো যেতো। এখন সংসারের খরচ ও বাচ্চাদের পড়াশোনার খরচ জোগাতে কি হবে আল্লাহই জানে।'
লিখিত অভিযোগ দায়ের করার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার স্বদেশ প্রতিদিনকে জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনপূর্বক তদন্ত শুরু হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি