প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম

সংগৃহীত ছবি
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার হওযা অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, ২ টি এয়ারগান, ২টি দেশি তৈরি ওয়ান শুটার গান, ৪টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গোলা ও ২টি ওয়াকিটকি সেট। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে দাকোপ উপজেলার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় বনের গহীনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০ টায় কোস্টগার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে উক্ত অস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়া ডাকাতদলকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।