প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:২৭ পিএম

পাবনার ফরিদপুর উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনার উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ফরিদপুর উপজেলায় মোট ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হবে। এছাড়া ৩০০ জন কৃষককে মসুর এবং ২০০ জন কৃষককে খেসারির বীজ ও সার দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় সর্বমোট ৬ হাজার ৫০০ কৃষক সরকারি কৃষি প্রণোদনার সুবিধা পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান, আমিনুল হক সাবেরী, খালেদ মাহমুদ বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুবায়ের আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পেয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা রবি মৌসুমে ফসল উৎপাদনে আরও উৎসাহিত হবেন। এতে কৃষকদের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর, পাবনার উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি