প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম আপডেট: ১০.০৯.২০২৬ ১:৪৬ PM

স্বদেশ প্রপার্টিসের বৈধ জমি জোরপূর্বক দখল করছে আশিয়ান সিটি। রাজউক অনুমোদিত ও বৈধভাবে ক্রয়কৃত স্বদেশ প্রপার্টিসের ‘স্বর্ণালী আবাসন’ প্রকল্পের সি-ব্লকের জমিতে ঘর ও শেড নির্মাণ করছে আশিয়ান সিটি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, একই সঙ্গে বালি ভরাট করে খালও কাটছে গ্রুপটি।
বৈধ সম্পত্তিতে এভাবে বেআইনি দখল ও নির্মাণ অবিলম্বে বন্ধ করাসহ আশিয়ান সিটির বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে স্বদেশ প্রপার্টিস। একই সঙ্গে আসিয়ান সিটির সন্ত্রাসী বাহিনীর বিষয়ে প্রশাসনকে ও গণমাধ্যমকে বিশেষ নজর দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আশিয়ান সিটি কর্তৃপক্ষের দিন-রাত ২৪ ঘণ্টা ধরে চলা এই জবরদখল ও নির্মাণ কাজের প্রতিবাদে একাধিকবার পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে এসেছে। তবে এরপরও আশিয়ান সিটি কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশ বা নিষেধকে কোনোরকমের তোয়াক্কা করছে না। একইসঙ্গে জোরপূর্বক খাল কাটা ও নির্মাণ কাজ একই সঙ্গে অব্যাহত রেখেছে গ্রুপটি।
স্বদেশ প্রপার্টিসের ‘স্বর্ণালী আবাসন’ প্রকল্পের একাধিক কর্মকর্তা ও কর্মচারি এবং স্থানীয়দের বাধার মুখেও আশিয়ান সিটি তাদের দখল কার্যক্রম বন্ধ করেনি। বিনা উস্কানিতে এবং স্বদেশ প্রপার্টিসের বৈধ কাগজ-পত্র থাকার পরেও আশিয়ান সিটি কোনো কর্ণপাত করেনি। কোনো রকমের আইনের তোয়াক্কা না করেই এখন পর্যন্ত আশিয়ান কর্তৃপক্ষ তাদের দখলের কাজ অব্যাহত রেখেছে।
স্বদেশ প্রপার্টিসের লিমিটেড-এর স্বর্ণালী আবাসন প্রকল্পটি একটি রাজউক অনুমোদিত আবাসন প্রকল্প। এই প্রকল্পটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাউথার, উত্তর খান, দক্ষিণ খান, ডুমনি, বড়ুয়া মৌজায় অবস্থিত। এই স্বর্ণালী আবাসন প্রকল্পে আসিয়ান সিটি কিছুদিন আগে বি-ব্লকে একটি রাস্তা এবং একটি অফিস নির্মাণ করে জোরপূর্বকভাবে। স্বর্ণালী আবাসনের এ-ব্লক থেকে সি-ব্লক এ প্রবেশের জন্য একটা বেইলি ব্রিজ নির্মাণ করা হচ্ছে রাজউক থেকে অনুমতি নিয়ে। কিন্তু আসিয়ান সিটি তার ভাড়াকৃত সন্ত্রাসী বাহিনী দ্বারা এই নির্মাণ কাজ অনেকবার বাধাগ্রস্ত করেছে। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে বেইলি ব্রিজের কাজ চলমান রেখেছে স্বদেশ প্রপার্টিস লিমিটেড।
স্বদেশ প্রতিদিন/এফএইচ