
সংগৃহীত ছবি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় হঠাৎ দুটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটিয়েছে দুর্বত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বিশ্বরোড সংলগ্ন আন্ডারপাসের নিচে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। সংঘটিত এ ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মন্ডল মিলন এঘটনায় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনকে দায়ি করছেন। । তাঁর দাবি, ধাপেরহাটের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ও আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে ঘটনাটি ঘটিয়েছে।
কিন্তু এ অভিযোগের বিষয়ে এপর্যন্ত প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া এনিয়ে স্থানীয় বিএনপির মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
পরেরদিন ন্যাক্কারজনক এহেন ঘটনার প্রতিবাদে ধাপেরহাট ইউনিয়ন বিএনপির ডাকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ধাপেরহাট বন্দরের গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা এক সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন,ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মন্ডল মিলন । বক্তরা বলেন, ভবিষ্যতে এ ধরনের সহিংসতা কিংবা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কঠোর ভূমিকা নেবে এবং রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।
এছাড়া আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি যেন কোনোভাবেই সফল করতে না পারে, সে লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন। এ জন্য ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিছিল, সভা-সমাবেশ এবং পাড়া-মহল্লার অলিগলিতে অবস্থান কর্মসূচি জোরদার করার ঘোষনা দেন বক্তরা।
এঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ওলামা দলের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আমজাদ এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার নেপথ্যে যারাই জড়িত থাকুক না কেন, সঠিক তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে জরুরি ভিত্তিতে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এপ্রসঙ্গে জানতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই স্পর্শকাতর।তাই অধিকতর তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এদিকে স্থানীয়দের সচেতন মহলের দাবি , ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহবান জানান।