প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫১ পিএম

জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসের পুরুষ হকি প্রতিযোগিতায় শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’র ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আমিরুল ইসলাম।
দ্বিতীয় কোয়ার্টারেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান আশরাফুল ইসলাম। তবে এর কিছুক্ষণ পর শ্রীলঙ্কার কুশল উইরাপ্পুলি পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবারও গোল করে বাংলাদেশের ব্যবধান বাড়ান আমিরুল ইসলাম। এরপর মাহবুব হোসেনের গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আশরাফুল ইসলাম। ফলে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।
পুরো ম্যাচে বাংলাদেশ ১৮টি পেনাল্টি কর্নার আদায় করে। আক্রমণে বাংলাদেশের ধারাবাহিক চাপ সামলাতে ব্যস্ত থাকতে হয় শ্রীলঙ্কার রক্ষণভাগকে। বাংলাদেশের হয়ে আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম দুটি করে এবং মাহবুব হোসেন একটি গোল করেন।
এর আগে এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি তাই এবারের আসরে বাংলাদেশের প্রথম জয়।
গ্রুপ পর্বে বাংলাদেশের আরও দুটি ম্যাচ বাকি। আগামী ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বিপক্ষে এবং ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
স্বদেশ প্রতিদিন/এস পি