প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৮ পিএম

ব্যালন ডি’অর নিয়ে অতিরিক্ত আত্মপ্রচার ও নিজেদের সেরার দাবি বারবার প্রকাশ্যে তুলে ধরার কারণে কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালের পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যালন ডি’অরের সাবেক প্রধান পাসকাল ফেরে।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে পারিসিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খেলোয়াড়দের অতিরিক্ত আত্মপ্রচার ব্যালন ডি’অরের ভোটারদের মধ্যে বিরক্তি তৈরি করতে পারে। গোলডটকমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পাসকাল ফেরের মতে, ব্যালন ডি’অরের ভোটাররা একজন খেলোয়াড়ের পারফরম্যান্স মূল্যায়নে যথেষ্ট অভিজ্ঞ। তাদের সামনে কোনো খেলোয়াড়কে বারবার নিজেকে সেরা হিসেবে তুলে ধরার প্রয়োজন নেই। বরং অতিরিক্ত প্রচার ভোটারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ফেরের জানান, ব্যালন ডি’অরের ভোটে মূলত ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য এবং ফেয়ার প্লে—এই তিনটি বিষয় বিবেচনায় নেওয়া হয়।
এদিকে পুরস্কারের দৌড়ে থাকা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন তুলনামূলকভাবে প্রচারের বাইরে রয়েছেন। গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৭৩ গোল করে গোল্ডেন বুট জিতেছেন তিনি।
অন্যদিকে, লামিন ইয়ামালের মতে, শুধু গোল বা পরিসংখ্যান দিয়ে সেরা খেলোয়াড় নির্ধারণ করা উচিত নয়। তার মতে, মাঠে যে খেলোয়াড় দর্শকদের সবচেয়ে বেশি আনন্দ দেন এবং অন্যদের চেয়ে আলাদা করে নিজেকে তুলে ধরতে পারেন, তিনিই প্রকৃত সেরা।
রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে শিরোপাহীন মৌসুম কাটালেও নিজেকে ব্যালন ডি’অরের অন্যতম ফেভারিট মনে করেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার মতে, ব্যালন ডি’অর দলীয় পুরস্কার নয়; ব্যক্তিগত পারফরম্যান্স ও গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলোয়াড়ের প্রভাবও মূল্যায়নের অংশ হওয়া উচিত।
পরিসংখ্যানের দিক থেকেও এমবাপ্পে ও ইয়ামাল দুজনই আলোচনায় রয়েছেন। এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন। অন্যদিকে বার্সেলোনার হয়ে লা লিগা জেতা ইয়ামাল ৪৫ ম্যাচে করেছেন ২৪ গোল, সঙ্গে রয়েছে ১৮টি অ্যাসিস্ট।
এমবাপ্পে ও ইয়ামালের পাশাপাশি হ্যারি কেইন, বর্তমান ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে এবং রদ্রিও পুরস্কারের আলোচনায় রয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি