প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২০ পিএম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ওবায়দুর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মরিয়মের আপন মামা।
বুধবার বিকেলে মিরপুর এলাকা থেকে ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-২)। পরে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে তদন্তাধীন থাকায় তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এসআরবি মিরপুর এলাকা থেকে ওবায়দুরকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. সালাউদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ওবায়দুর রহমানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ডিবিতে তদন্তাধীন থাকায় তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।
মরদেহ উদ্ধারের পর গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে পুলিশ হেফাজতে নেয়। পরে আদালত গাজী নজরুলের চার দিন এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটির তদন্তভার পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
ওবায়দুর রহমান গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করেছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ এবং মামলায় আসামিদের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ