প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম

নন্দিত রকতারকা জেমস ও তাঁর ব্যান্ড নগর বাউল এখন অস্ট্রেলিয়া সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সিডনির পর আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘সাউথ লাইভ ফেস্ট ২০২৬’-এ পারফর্ম করবেন তিনি।
ভিক্টোরিয়া অঞ্চলের মেলবোর্নে আয়োজিত এই সংগীত উৎসবে উইলিয়ামস টাউন হলের মঞ্চে উঠবেন জেমস ও নগর বাউলের সদস্যরা। সেখানে তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করার কথা রয়েছে।
জেমস জানিয়েছেন, এর আগেও তিনি অস্ট্রেলিয়া সফর করেছেন। সেখানকার দর্শক-শ্রোতাদের বাংলা গানের প্রতি আগ্রহ ও ভালোবাসা কাছ থেকে দেখেছেন। এবারও গান দিয়ে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা গানের অনুরাগীদের আনন্দ দেওয়ার প্রত্যাশা করছেন তিনি।
অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে প্রায় দুই মাসের ইউরোপ সফর শেষ করেছেন জেমস ও নগর বাউলের সদস্যরা। এরপর গত ১২ সেপ্টেম্বর সিডনিতে ‘লাইভ ইন সিডনি’ কনসার্টে পারফর্ম করেন তিনি। বাংলাদেশ ও ভারতের দুই রকতারকা জেমস ও রুপম ইসলামকে নিয়ে আয়োজন করা হয়েছিল কনসার্টটি।
সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ওই কনসার্টে স্থানীয় দর্শক-শ্রোতাদের ব্যাপক সাড়া পাওয়া যায়। সিডনির আয়োজনের পর ভক্তদের আহ্বানে সাড়া দিয়েই মেলবোর্নে পারফর্ম করতে যাচ্ছেন জেমস ও নগর বাউল।
ব্যান্ডটির ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন জানান, অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফিরবেন জেমস। এরপর দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি কনসার্টে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
কনসার্টের পাশাপাশি দেশে ফিরে নতুন গান নিয়েও কাজ শুরু করবেন জেমস। নতুন গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে এই জনপ্রিয় রকশিল্পীর।
স্বদেশ প্রতিদিন/এস পি