প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:২১ পিএম

বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেম ‘পাবজি’ এবার আসছে পর্দায়। গেমটি অবলম্বনে লাইভ-অ্যাকশন সিরিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে নেটফ্লিক্স। সিরিজটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করবেন এমি পুরস্কারজয়ী হলিউড অভিনেতা ডোনাল্ড গ্লোভার। দীর্ঘ আলোচনার পর প্রকল্পটি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইন।
সিরিজটির চিত্রনাট্য লিখবেন ডোনাল্ড গ্লোভার ও তাঁর ভাই স্টিফেন গ্লোভার। দুজন নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত থাকছেন। তাঁদের সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন নিয়নের মাইকেল শেফার, গিলগার ফ্যাম উডেওর্জি এবং গেমটির নির্মাতা প্রতিষ্ঠান ক্রাফটনের তাইসিওক জ্যাং ও সুজিন লি।
‘প্লেয়ারআননোনস ব্যাটলগ্রাউন্ডস’ বা ‘পাবজি’ ২০১৭ সালে মুক্তির পর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। গেমটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সাতটি রেকর্ডও গড়েছে। ২০২০ সালে এর নির্মাতা প্রতিষ্ঠান ক্রাফটন গেমটি অবলম্বনে সিনেমা ও টেলিভিশন সিরিজ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিল। ডোনাল্ড গ্লোভার ‘কমিউনিটি’ ও ‘আটলান্টা’ সিরিজের মাধ্যমে পরিচিতি পান। নেটফ্লিক্সের পরিকল্পনায় ‘অ্যাসাসিনস ক্রিড’, ‘গিয়ার্স অব ওয়ার’, ‘মাইনক্রাফট’, ‘ম্যাজিক: দ্য গ্যাদারিং’ ও ‘ক্ল্যাশ অব ক্ল্যানস’-এর মতো ভিডিও গেম অবলম্বনে আরও প্রকল্প রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি