প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম

হুতিদের হামলার চেষ্টাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের ইমাম জুমার খুতবায় এর নিন্দা জানিয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের খুতবায় তারা পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ বান্দার বালিলাহ বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নিরপরাধ মানুষের জীবন সুরক্ষা কোনোভাবেই আপসের বিষয় নয়।
তিনি বলেন, মুসলমানদের পবিত্রতম স্থানগুলোতে আতঙ্ক সৃষ্টি বা হুমকি দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ড পবিত্র স্থানগুলোর মর্যাদা লঙ্ঘন করে এবং নিরপরাধ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে।
বান্দার বালিলাহ আরও বলেন, আল্লাহর পবিত্র ঘর ও রাসুলের মসজিদকে লক্ষ্যবস্তু বানানোর সঙ্গে ইসলামের শিক্ষার কোনো সম্পর্ক নেই। তাঁর বক্তব্য অনুযায়ী, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের আড়াল হিসেবে ধর্মীয় স্লোগান ব্যবহার করাও ইসলামের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মদিনার মসজিদে নববীর ইমাম শায়খ আবদুল মুহসিন আল-কাসিমও মক্কা ও মদিনাকে হুমকির মুখে ফেলার নিন্দা জানান। তিনি বলেন, এ ধরনের হামলা এমন কর্মকাণ্ডের ধারাবাহিকতা, যেখানে মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা এবং নিরাপদে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করে। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।
ইয়েমেনে বৈধ সরকারকে সমর্থনকারী জোট জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড্রোনটি ধ্বংস করা হয়। জোটের দাবি, এটি মক্কাকে লক্ষ্য করে হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা।
এর আগে ২০১৭ সালের জুলাইয়ে মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছিল। নতুন করে ড্রোনের ঘটনায় মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিয়ে আবারও আলোচনা তৈরি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি