প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম

দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রতিবছর আয়োজন করা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনায় বসার কথাও জানিয়েছেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
এর আগে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, বিপিএলের বিশ্বাসযোগ্যতা নিয়ে তৈরি হওয়া সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনের জন্য তারা প্রস্তুত নন। বোর্ডের এ অবস্থানকে ফ্র্যাঞ্চাইজিগুলো স্বাগত জানালেও ক্রিকেটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কারণ বিপিএল তাদের আয়ের অন্যতম বড় উৎস।
পরিস্থিতি বিবেচনায় ক্রিকেটারদের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিসিবি পরে ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ম্যাচের ফি বাড়ানোর উদ্যোগ নেয়।
এদিকে বিপিএল আয়োজন না হওয়ার বিষয়ে সাংবাদিকদের কাছ থেকেই প্রথম জানতে পেরেছেন বলে জানান আমিনুল হক। তিনি বলেন, গণমাধ্যমের কাছ থেকেই তিনি জানতে পেরেছেন যে এবার বিপিএল অনুষ্ঠিত হবে না।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিপিএল বাংলাদেশের একটি জনপ্রিয় টুর্নামেন্ট। এটি আয়োজন না করার বিষয়ে বিসিবি সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন। তবে তার মতে, এ ধরনের একটি প্রতিযোগিতা প্রতিবছরই অনুষ্ঠিত হওয়া উচিত।
আমিনুল হক বলেন, বিপিএল কেন অনুষ্ঠিত হলো না, সেটি নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করা প্রয়োজন। ভবিষ্যতে যাতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা যায়, সে বিষয়ে সরকার নজর রাখবে।
তিনি আরও বলেন, বিপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া দরকার।
স্বদেশ প্রতিদিন/এফএইচ