প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম

বিভিন্ন অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকরা। শনিবার (৫ সেপ্টেম্বর) উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ইসরায়েলের মারিভ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও অভিযোগের প্রতিবাদে উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হন। রোশ পিনা, কারমিয়েল, হাদেরা ও হাইফাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এদিকে কাতারে ইসরায়েলি হামলার বিষয়েও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের আই২৪নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কাতারে বোমা হামলা চালানোর কথা স্বীকার করেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সাক্ষাৎকারটি শেয়ার করেন নেতানিয়াহু।
সাক্ষাৎকারে নেতানিয়াহু কাতারকে ‘শত্রুতাপূর্ণ’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ক্ষেত্রে কাতার কোনো নীতি নির্ধারণ করেনি। একইসঙ্গে কাতারের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
নেতানিয়াহু বলেন, কাতারে ইসরায়েল হামলা চালিয়েছে এবং যুদ্ধের সময় সেখানে বোমা হামলাও করা হয়েছে। তার দাবি, কাতারও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়েছে।
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে দেশটির বিভিন্ন এলাকায় যখন বিক্ষোভ চলছে, তখন কাতারসহ আঞ্চলিক বিভিন্ন বিষয়ে ইসরায়েলি সরকারের সামরিক নীতি নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ