প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম আপডেট: ০৬.০৯.২০২৬ ৬:৫১ PM

গ্রাহকদের ধর্মীয় ও আর্থিক প্রয়োজন অনুযায়ী প্রচলিত ও শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা বেছে নেওয়ার সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক ইসলামী অর্থব্যবস্থার সঙ্গে আরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের বিরোধী দলের জামায়াতে ইসলামী সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী জানান, দেশের ব্যাংকিং খাতে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী প্রচলিত ও শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ ব্যবস্থার পরিধি আরও বিস্তৃত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি জানান, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোকে মোট ১ হাজার ৬৯৯টি শাখার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে শহরাঞ্চলে ১ হাজার ৭৪টি এবং গ্রামাঞ্চলে ৬২৫টি শাখা রয়েছে।
অনুমোদিত শাখাগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০টি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ২২৬টি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ১৪১টি এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ১৩৮টি শাখা রয়েছে। এছাড়া সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতায় রয়েছে ৭৬১টি শাখা।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ৭৬১টি শাখার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০৬টি, সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৮১টি, এক্সিম ব্যাংকের ১৫৫টি, ইউনিয়ন ইসলামী ব্যাংকের ১১৪টি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৫টি শাখা রয়েছে। এর সঙ্গে আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৩টি শাখাও রয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, বর্তমানে ৩৫টি প্রচলিত ব্যাংকে মোট ৭৫টি ইসলামী ব্যাংকিং শাখা এবং ১ হাজার ১০২টি ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি আরও দুটি প্রচলিত ব্যাংককে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, ডুয়াল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবার পছন্দের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক ইসলামী অর্থব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ