| শিরোনাম: |

নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের নারী দল উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে শক্তিশালী শুরু করেছে। স্মৃতি আক্তার ও রূপালির নেতৃত্বে দল প্রথমার্ধে সামান্য এগিয়ে ছিল ১৪-১২ পয়েন্টে, তবে দ্বিতীয়ার্ধে ছন্দ ধরে রেখে দুইবার উগান্ডাকে অলআউট করে ব্যবধান আরও বাড়িয়ে নেন।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার ম্যাচে উপস্থিত ছিলেন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। গ্যালারি ভরা দর্শকরা করতালি প্রদান করেন, আর উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়।
ম্যাচ সেরা নির্বাচিত হন বাংলাদেশের স্মৃতি আক্তার। রাজশাহী থেকে উঠে আসা এই খেলোয়াড় প্রথমবারের মতো বিশ্বকাপে খেললেও জয়ের আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, “শুরুতে আমরা একটু স্নায়ুর চাপ অনুভব করছিলাম, কারণ আগে কখনো উগান্ডার সঙ্গে খেলিনি। তবে প্রথম ম্যাচ জেতার পর আত্মবিশ্বাস বেড়ে গেছে। ইনশাআল্লাহ, পরবর্তী ম্যাচগুলোতেও আমরা ভালো খেলার চেষ্টা করব এবং দেশের জন্য পদক জিতব।”
বাংলাদেশ দল মঙ্গলবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির সঙ্গে মুখোমুখি হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ