প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম

মুম্বাই পুলিশ সম্প্রতি একটি বৃহৎ আন্তর্জাতিক মাদকচক্রের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে, যেখানে বলিউড তারকা শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারসহ কয়েকজনের নাম তদন্তে উঠে এসেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মোহাম্মদ সালিম মোহাম্মদ সুহাইল শেখ, যিনি ল্যাভিশ নামেও পরিচিত, তার নেতৃত্বে দেশ–বিদেশের অভিজাত পার্টিতে মাদক সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, জিজ্ঞাসাবাদের সময় সালিম দাবি করেন যে ভারত ও বিদেশে তিনি যেসব মাদক-পার্টির আয়োজন করতেন, সেখানে অংশ নিতেন ফ্যাশন ও চলচ্চিত্রজগতের পরিচিত ব্যক্তিরা। এসব আসরে দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারও উপস্থিত থাকতেন বলে তদন্তকারীদের ধারণা।
ইন্ডিয়া টুডে-র হাতে থাকা নথি থেকে জানা গেছে, সম্পূর্ণ অপারেশনটি পরিচালিত হতো দুবাই থেকে। নেতৃত্ব দিতেন সালিম, আর তার ছেলে তাহের দোলা—যাকে গত আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে আনা হয়—তদন্তকারীদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছেন। নথিতে উল্লেখ আছে, বিলাসবহুল এসব পার্টিতে অভিনেতা, মডেল, র্যাপার, চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে দাউদের আত্মীয়রাও যাতায়াত করতেন।
অভিযোগ প্রকাশ্যে আসতেই এই বিষয়ে তারকাদের নিয়ে বিতর্ক তৈরি হয়। এর মধ্যে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি প্রথম প্রতিক্রিয়া জানান। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, তাঁকে ‘সহজ টার্গেট’ বানানো হচ্ছে এবং ভিত্তিহীন অভিযোগে তিনি ক্ষুব্ধ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে