প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:২০ AM

সংগৃহীত ছবি
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ম্যাচগুলো জয়ে শেষ করেছে ফ্রান্স ও ইংল্যান্ড। আজারবাইজানকে ৩-১ গোলে হারিয়ে ফরাসিরা সংগ্রহে যোগ করেছে পূর্ণ তিন পয়েন্ট। অপরদিকে, আলবেনিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে অপরাজিতভাবেই বাছাইয়ের যাত্রা শেষ করেছে ইংল্যান্ড। পুরো আসরে একটি গোলও হজম না করেই তাদের এই সফল সমাপ্তি।
বাকুতে ম্যাচের চতুর্থ মিনিটেই ছয় গজ বক্সের বাইরে থেকে আজারবাইজানের স্ট্রাইকার রেনাতের শটে পিছিয়ে পড়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আগের ম্যাচেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত থাকায় বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ফ্রান্স।
তবে ১৭তম মিনিটে ফিলিপ মাতেতার হেডে সমতা ফেরে তারা। এর ১৩ মিনিট পর কাছ থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন মোনাকোর মিডফিল্ডার আকলিউচে। জাতীয় দলের হয়ে প্রথম গোলের দেখা পেলেন এই মিডফিল্ডার। বিরতির আগে আজারবাইজান গোলরক্ষকের আত্মঘাতী বলেই আরও পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাছাইয়ের প্রথম পাঁচ রাউন্ডে চারটিতেই হারা আজারবাইজান। এই জয়ে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স। একই সময়ে আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় ইউক্রেইন, তারা নিশ্চিত করেছে প্লে-অফ।
গত মাসেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করা ইংল্যান্ড দারুণ ফর্ম ধরে রেখে বাছাইপর্বের শেষ রাউন্ডেও জয়ের ধারায় থাকে। প্রতিপক্ষের মাঠে আলবেনিয়াকে ২-০ গোলে হারায় তারা, আর দুই গোলই করেন হ্যারি কেইন।
এই মৌসুমে অসাধারণ ছন্দে আছেন কেইন। চলতি বাছাইপর্বে আট ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে আটে। জাতীয় দলের জার্সিতে ১১২ ম্যাচে তিনি এখন পর্যন্ত করেছেন ৭৮ গোল।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ