প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:৫৩ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির দিনও সারা দেশে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।
আজ বুধবার (১২ নভেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।
তিনি জানান, অন্যান্য দিনের মতো আগামীকালও সড়কে গণপরিবহন চলবে এবং পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
মালিক সমিতি আরও জানিয়েছে, কোথাও কোনো বাসে অগ্নিকাণ্ড না ঘটে, সেজন্য পরিবহন মালিক ও প্রতিটি বাস টার্মিনালের দায়িত্বশীলদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বাসগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে মালিক সমিতি জানিয়েছে, ১০ নভেম্বর রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। নিহত ও আহত শ্রমিকদের প্রতি প্রতিবাদ হিসেবে আজ ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ করছেন। তারা আজ রাতভর এবং আগামীকালও টার্মিনাল পাহারা দেবেন বলে জানানো হয়েছে।