
সংগৃহীত ছবি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে দুপুর থেকেই ভিড় করছেন সংগীতপ্রেমীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দর্শকদের উপস্থিতি। দল বেঁধে বন্ধুদের সঙ্গে, কেউবা পরিবারের সদস্যদের নিয়ে কনসার্টস্থলে আসছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দর্শনার্থীদের আনাগোনা দেখা যায়। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ কনসার্টে অংশ নিতে আসছেন। অনেককে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করতেও দেখা গেছে।
এদিন, কনসার্টে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। এর মধ্যে রয়েছে— নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। বিকেল ৪টায় শুরু হয়ে এ সংগীত আয়োজন চলবে প্রায় সাত ঘণ্টা। দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে, অর্থাৎ কোনো টিকিট ছাড়াই কনসার্ট উপভোগের সুযোগ রয়েছে।
কনসার্ট দেখতে আসা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে জেমস, মাইলস ও ওয়ারফেজের গান সরাসরি শোনার অপেক্ষায় অনেকেই।
মাহিন নামের এক দর্শক বলেন, জেমস আমাদের প্রিয় শিল্পী। অনেক দিন ধরে তার গান সরাসরি শোনার ইচ্ছা ছিল। আজ সেই সুযোগ পেয়েছি। তাই দুপুরেই চলে এসেছি।
আরেক দর্শক মিফতা বলেন, একই মঞ্চে সাতটি জনপ্রিয় ব্যান্ডের গান শোনার সুযোগ সচরাচর পাওয়া যায় না। বন্ধুদের সঙ্গে এসেছি। পুরো আয়োজন উপভোগ করতে চাই।
কনসার্টে আসা তরুণী মহিয়া বলেন, ওয়ারফেজ ও আর্টসেলের গান আমার খুব ভালো লাগে। বিশেষ করে তাদের জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার অপেক্ষায়। এমন উন্মুক্ত আয়োজন আরও হওয়া উচিত।
এদিকে, কনসার্ট কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এ কনসার্ট। সহযোগিতায় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।