প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৪০ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের বিএনএস সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় ঢাকা মেট্রো-চ ১৩-৫৮৯১ নম্বরের মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। পরে পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় তিনি বিএনএস সেন্টার এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন। বিআরটি উড়ালসেতু থেকে নামার সময় ট্রাক ও মাইক্রোবাসটি দুর্ঘটনায় জড়ায়।
তিনি বলেন, উড়ালসেতু থেকে নামার পর ট্রাকটি সড়কের বাম পাশের রং রোড দিয়ে ইউটার্ন নেয়। এ সময় মাইক্রোবাসটির সামনে আরেকটি গাড়ি থাকায় সেটিকে বাঁচাতে গিয়ে চালক ট্রাকের পেছনে ধাক্কা দেন।
তিনি আরও বলেন, মাইক্রোবাসটিতে ছয়জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজনের সামনের দাঁত ভেঙে গেছে। সামনের আসনে থাকা এক শিশুর পা ভেঙে গেছে। এ ছাড়া এক নারীও আহত হয়েছেন। স্থানীয়রা শিশুটিকে ছাড়া অন্য আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার বিষয়ে উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আমীর খসরু বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়েছে। মাইক্রোবাসটিতে চার থেকে পাঁচজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দু-একজন আহত হয়েছেন। সামনের দিকে থাকা একটি শিশু গাড়ির ভেতরে আটকে পড়েছিল। পুলিশ চেষ্টা করেও তাকে বের করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করেন।
মাইক্রোবাসটি রেকারের মাধ্যমে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে এসআই আমীর খসরু বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।