| শিরোনাম: |

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর শুরু হওয়ার আগেই দল পেয়ে গেলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তাকে আগেভাগেই দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস।
বুধবার (৬ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত আসরে তাসকিন খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে। ঢাকার বিপক্ষে একটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে একাই ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এবার সবকিছু ঠিক থাকলে সেই ঢাকার হয়েই মাঠে নামবেন এই তারকা পেসার।
বিপিএলের আগামী আসর মাঠে গড়ানোর কথা আগামী ১৯ ডিসেম্বর। এবারের টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল—ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফট। তবে ড্রাফটের আগেই তাসকিনকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস।
এবারের বিপিএলে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল মোট ১১টি প্রতিষ্ঠান। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ৩টি এবং চূড়ান্ত যাচাইয়ে বাদ দেওয়া হয় আরও ৩টি প্রতিষ্ঠানকে।
ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস, যারা গত আসরেও একই নামে অংশ নিয়েছিল। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। রাজশাহী ওয়ারিয়র্স নতুনভাবে এসেছে নাবিল গ্রুপের মালিকানায়। সিলেট টাইটান্স পেয়েছে ক্রিকেট উইথ সামি, আর চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস।
তাসকিনকে দলে পেয়ে এবারের বিপিএলে শক্তিশালী শুরু করতে চায় ঢাকা ক্যাপিটালস।
স্বদেশ প্রতিদিন/ আরএফ