প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২:২৫ AM

মধ্য আফ্রিকার দেশ চাদে পানি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। বুধবার এক সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
চাদের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ওনামা জানায়, গত মঙ্গলবার সাহেল কাউন্টির পশ্চিমাঞ্চলে প্রতিবেশী দুই প্রদেশ—বাহর-আল-গাজেল ও হাদজের-লামিসের দুই সম্প্রদায়ের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।
সরকারের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, দুই সম্প্রদায়ের মধ্যে জমি ও পানি ব্যবহারের দাবিকে কেন্দ্র করেই এই সংঘাতের সূত্রপাত হয়। এতে ৩৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
ওনামার প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে কয়েকজন মন্ত্রী, স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সেনা সদস্যদের একটি দল মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, সরকারি বাহিনী সেখানে উপস্থিত থাকলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
একজন স্থানীয় রাজনৈতিক নেতা জানিয়েছেন, একই অঞ্চলে ১৯৯৯ ও ২০০৪ সালেও অনুরূপ সংঘর্ষ হয়েছিল, যাতে বহু মানুষ হতাহত হয়।
চাদে এ ধরনের আন্তঃসম্প্রদায়িক সহিংসতা নতুন নয়। বিশেষ করে গ্রামীণ এলাকায় জমি, পানি ও গবাদিপশু নিয়ে বিরোধ থেকেই প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ