| শিরোনাম: |

ফিলিপাইনে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অন্তত ১১৪ জনের প্রাণ কেড়ে নেওয়ার পর শক্তিশালী টাইফুন ‘কালমায়েগি’ এবার আঘাত হেনেছে ভিয়েতনামে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে ঝড়টি ভিয়েতনামের উপকূলে আছড়ে পড়ে।
ভিয়েতনামের গণমাধ্যম জানায়, ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় প্রায় দুই লাখ ৬০ হাজার সেনা সদস্যকে উদ্ধার কার্যক্রমের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, টাইফুনের কারণে অন্তত ছয়টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে শতাধিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হতে পারে।
এরই মধ্যে টানা বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত ভিয়েতনাম এখন এ বছরের অন্যতম ভয়াবহ সামুদ্রিক ঝড়ের মুখোমুখি। দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ঝড়টি বর্তমানে দাক লাক ও গিয়া লাই প্রদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে।
ভিয়েতনামের জাতীয় আবহাওয়া পূর্বাভাস বিভাগ জানিয়েছে, ঝড়ের প্রভাবে সাতটি শহরে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ঝড়ের তীব্রতায় বহু ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, হোটেলের জানালা ভেঙে পড়েছে এবং গাছ উপড়ে সড়কে পড়েছে। টাইফুন আঘাত হানার অল্প সময়ের মধ্যেই দাক লাক প্রদেশের বাসিন্দারা উদ্ধার সহায়তার জন্য আবেদন জানায়।
ভিয়েতনামের আবহাওয়া ব্যুরো সতর্ক করেছে, টাইফুন কালমায়েগির প্রভাবে দক্ষিণ চীন সাগরে ২৬ ফুট পর্যন্ত উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে।
এদিকে শক্তিশালী এই ঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে ভিয়েতনাম সরকার আগেই ব্যাপক প্রস্তুতি নেয়। বার্তাসংস্থা এএফপি জানায়, সরকারি কর্মীরা বৃহস্পতিবার সারাদিন সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/ আরএফ