প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:৩৯ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশে সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনের আগে সিমের অপব্যবহার রোধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কঠোর পদক্ষেপ নিয়েছে।
এর অংশ হিসেবে আজ শনিবার (১ নভেম্বর) থেকে প্রতি জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করার নিয়ম কার্যকর হয়েছে।
বিটিআরসি জানিয়েছে, অতিরিক্ত সিম বন্ধ করার নির্দেশনা মোবাইল অপারেটরদের দেওয়া হয়েছে। এর ফলে অন্তত ৫০ লাখ সিম বন্ধ হবে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে একজন গ্রাহকের জন্য সিম সংখ্যা ৫টিতে নামানোর পরিকল্পনাও রয়েছে।
সংস্থার তথ্য অনুযায়ী, দেশে মোট ২৬ কোটি ৬৩ লাখ নিবন্ধিত সিম রয়েছে, এর মধ্যে প্রায় ১৯ কোটি সক্রিয়। বর্তমানে ৬৭ লাখ গ্রাহকের নামে ১০টির বেশি সিম রয়েছে। তিন মাসের নোটিশের পরও প্রায় ৫০ লাখ সিম ডি-রেজিস্ট্রেশন হয়নি।
বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মনিরুজ্জামান জানিয়েছেন, যেসব গ্রাহক সময়মতো অতিরিক্ত সিম বাতিল করেননি, সেসব সিম আজ থেকে ডি-রেজিস্ট্রেশন করা হবে।
বিশ্বজুড়ে সিম ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ নবম স্থানে রয়েছে। দেশে বর্তমানে ১৮ কোটি ৭৯ লাখ সক্রিয় সিম রয়েছে, যা জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশের চেয়ে বেশি।