প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ পিএম

সংগৃহীত ছবি
জাতীয় নির্বাচন কার্যকর হওয়ার জন্য আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে নির্বাচন অর্থহীন হয়ে যাবে।
গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. শফিকুর রহমান আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই অব্যাহত থাকবে এবং জামায়াত এই লড়াইয়ে সর্বদা জনগণের পাশে থাকবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বানও জানান।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, আমরা যেকোনো অপরাধের বিরোধী। অপরাধী যেই হোক না কেন, অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্রতিনিধি ব্যারিস্টার নজরুল ইসলাম এবং সংগঠনের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
ড. শফিকুর রহমানের শনিবার সকালে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশগামী ফ্লাইটে রওনা হওয়ার কথা রয়েছে।