| শিরোনাম: |

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ। দলের এই হতাশাজনক পারফরম্যান্সের মূল কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই সামনে আনলেন অধিনায়ক লিটন দাস। তার মতে, ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতাই দলের পরাজয়ের মূল কারণ।
জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী কিংবা তাওহীদ হৃদয়—কেউই ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ১৪ রানের পরাজয়ের পর লিটন বলেন, “হ্যাঁ, আমাদের বোলাররা সাম্প্রতিক সিরিজগুলোতে দারুণ বোলিং করেছে। কিন্তু দুঃখজনকভাবে, তাদের সেই পারফরম্যান্সের সদ্ব্যবহার আমরা ব্যাটিংয়ে করতে পারিনি। তাই জয়ের ধারায় ফিরতেও পারছি না।”
চট্টগ্রামের উইকেটে দলের ব্যাটিং নিয়ে তিনি আরও বলেন, “১৫০ রান এখানে খুব বড় কিছু নয়। আমরা একাধিকবার ভালো শুরু পেয়েছি, কিন্তু সেট হওয়ার পরই আউট হয়ে গেছি। যদি শেষ পর্যন্ত কেউ থেকে যেত, ম্যাচের ফল ভিন্ন হতে পারত।”
নিজের ব্যাটিং নিয়েও আত্মসমালোচনা করেন লিটন, “আমাদের ব্যাটারদের সময় নিয়ে খেলার অভ্যাস তৈরি করতে হবে। আমি নিজেও অন্তত ১২–১৩ ওভার পর্যন্ত টিকে থাকতে পারতাম। তাহলেই হয়তো ম্যাচটা অন্যরকম হতো।”
সিরিজ হারের পর লিটনের এই মন্তব্যই আবারও স্পষ্ট করে দিল—বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা এখনো ব্যাটিংয়ে স্থিতি ও ধৈর্যের অভাব।
স্বদেশ প্রতিদিন/ আরএফ