প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৩ AM

স্বর্ণের দাম ভরি প্রতি ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে সবশেষ গত ২২ অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হচ্ছে ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকায়।
এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে সবশেষ গত ১৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা এতদিন ছিল দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।
এ নিয়ে চলতি বছর মোট ৬৭ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৮ বার, আর কমেছে মাত্র ১৯ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।
স্বর্ণের দামের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ভরি প্রতি ৭৩৫ টাকা কমিয়ে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা। দেশের বাজারে নতুন এই দামেই বিক্রি হচ্ছে রুপা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৬৭ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২১৪ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৫৯ টাকায় বেচাকেনা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/রাফি