প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ২:১৮ পিএম আপডেট: ২১.১০.২০২৫ ২:১৯ PM

সংগৃহীত ছবি
সাতক্ষীরার কলারোয়ায় পাঁচ দিনের এক নবজাতক কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মা শারমিন খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় মৃত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই কন্যা সন্তানের পর তৃতীয় সন্তানও মেয়ে হওয়ায় ক্ষুব্ধ হয়ে শিশুটিকে খালে ফেলে হত্যা করেন শারমিন।
৩২ বছর বয়সী শারমিন খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী।
কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে শিশুটির বাবা ইব্রাহিম খলিল থানায় এসে নিখোঁজ ডায়েরি করতে চান। তিনি জানান, বিকেলে মা শারমিন শিশুটিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন, পরে দুজনকেই খুঁজে পাওয়া যায়নি।
ওসি বলেন, “ইব্রাহিমের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় আমরা ঘটনাস্থলে যাই। পরে জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, পাঁচ দিন বয়সী শিশুটিকে বাড়ির পাশের খালে ফেলে দিয়েছেন।”
শারমিনের দেখানো জায়গা থেকে খালের কচুরিপনার নিচে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর শিশুর দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার আসামি শারমিনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে সাতক্ষীরায় পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম।
স্বদেশ প্রতিদিন/এনআর