| শিরোনাম: |

ভারতের গুজরাটে বিয়ের ঠিক আগ মুহূর্তেই হবুবধূকে হত্যা করার অভিযোগ উঠেছে স্বজন বারৈ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোনি হিম্মত রাথোদ নামের ওই নারী গত এক থেকে দেড় বছর ধরে স্বজনের সঙ্গে লিভ টুগেদারে ছিলেন। এনগেজমেন্টসহ বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন ছিল, এবং শনিবার (১৫ নভেম্বর) তাদের বিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিল।
কিন্তু বিয়ের মাত্র এক ঘণ্টা আগে শাড়ি ও টাকা নিয়ে দুজনের মধ্যে তীব্র ঝগড়া বাধে। পুলিশকে উদ্ধৃত করে এনডিটিভি জানায়, এই ঝগড়ার সময় স্বজন লোহার রড দিয়ে সোনিকে আঘাত করেন এবং পরে তার মাথা দেয়ালে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্বজন বাড়ি থেকে পালিয়ে যায় এবং যাওয়ার আগে ঘরের ভেতরে ভাঙচুরও চালায় বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
ডেপুটি সুপারিনটেনডেন্ট আরআর সিংঘাল বলেন, পরিবারের আপত্তি সত্ত্বেও যুগলটি লিভ টুগেদারে ছিল এবং শনিবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তবে শাড়ি ও টাকাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া বাধে, যা শেষ পর্যন্ত হত্যায় রূপ নেয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা তদন্তাধীন রয়েছে।
একটি সূত্র জানিয়েছে, হবুবধূকে হত্যার আগে স্বজন এক প্রতিবেশীর সঙ্গেও ঝগড়ায় জড়িয়েছিলেন।
সূত্র: এনডিটিভি
স্বদেশ প্রতিদিন/ আরএফ